ঢাকায় শুরু হয়েছে দিনব্যাপী যাকাত ফেয়ার

'ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত, এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার বেইলী রোড অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার ২০২৬।
শনিবার (৩১ জানুয়ারি) ফেয়ার উদ্বোধন করছেন ধর্ম বিষয়ক উদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে-
(১) জনগণকে তাদের যাকাত সুসংগঠিতভাবে দিতে উদ্বুদ্ধ করা;
(২) যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিস্কার করা;

(৩) দারিদ্র্য বিমোচনের জন্য যাকাত তহবিল নিয়ে কাজ করা এবং বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময় করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, ব্যক্তিগতভাবে যাকাত দিলে মানুষের উপকার হয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যাকাত দিলে সমাজের বঞ্চিত মানুষের আরও বেশী উপকার হয়। প্রাতিষ্ঠানিক তত্তাবধানের ফলে যাকাত গ্রহিতা ধীরে ধীরে যাকাত দাতায় রূপান্তরিত হয়। বাংলাদেশে যাকাতের প্রাতিষ্ঠানিকরণের ক্ষেত্রে সিজেডএম-এর অবদান উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন কুরআন সুন্নাহ অনুযায়ী যাকাত কোন অনুদান নয়, যাকাত ধনীদের সম্পদে গরীবের হক। তিনি দেশের সামর্থ্যবান মুসলিমদের প্রতি সঠিকভাবে হিসেব করে যাকাত আদায় করার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "বিশ্ব বর্তমানে একটি দার্শনিক সংকটে রয়েছে। এসকল সংকটের অনেক সমাধান রয়েছে ধর্মীয় অনুশাসনের মধ্যে। যাকাত অর্থনৈতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে যাকাত ফেয়ারে "Islamic Social Finance: A Roadmap for the Way Forward" শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ইউনিভার্সিটির প্রফেসর ড. কবির হাসান, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটির ম্যাক্রোইকোনমিক্স-এর এসোসিয়েট প্রফেসর ড. ইমরানুল হক এবং মালয়েশিয়ার INCEIF ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. জিয়াদ মাহোমেদ।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম (উপাচার্য, সাউথইষ্ট ইউনিভার্সিটি), প্রফেসর ড. ফরিদ এ সোবহানী (উপাচার্য, ইষ্টার্ণ ইউনিভার্সিটি) এবং প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম (ডীন, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
যাকাত ফেয়ারে থাকছে বিভিন্ন যাকাত ও দাতব্য সংস্থা, ইসলামিক সোশাল ফাইনান্স ও বিভিন্ন প্রকাশনীর স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে যাকাতের সঠিক হিসাব নিরূপণ ও যাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য কনসালটেশন ডেস্ক। সর্বস্তরের জনগণ বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা এ ফেয়ারে অংশগ্রহণ করছেন। যাকাত ফেয়ার আজ শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এবাবের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, কৃষিবিদ গ্রুপ, সাউথ ব্রিজ, ইসলামী ব্যাংক, এনসিসি ইসলামিকসহ দেশের সনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দৈনিক আমার দেশ।
ভোরের আকাশ/এসএইচ