মার্চে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত, কালবৈশাখী ও তাপপ্রবাহের আভাস

দেশে চলতি মার্চ মাসে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
মাসের শেষদিকে বিশেষ করে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) প্রকাশিত মার্চ মাসের সার্বিক পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।
ভোরের আকাশ/এনএস