বন্যাকবলিত এলাকায় ৫০ টন পশুখাদ্য দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশাপাশি গবাদিপশু রক্ষায় ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় পশুখাদ্য পৌঁছে দেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি জানান, বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, চকরিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বান্দরবান সদর ও লামা—এই আটটি উপজেলায় পর্যায়ক্রমে পশুখাদ্য বিতরণ করা হবে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন ৬৭ টন পশুখাদ্য বিতরণ করেছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও ক্ষতিগ্রস্ত এলাকার গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক মানুষকে এই কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
অনুদান পাঠাতে আগ্রহীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট, ব্যাংক হিসাব এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরুরি ত্রাণ তহবিলে সহায়তা করতে পারবেন।
উল্লেখ্য, চলমান বন্যায় এরই মধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৬ হাজার পরিবারের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ এবং বন্যায় ঘরহারা ৩০০ পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণা দিয়েছে। এবার সেই কার্যক্রমের অংশ হিসেবে বন্যাকবলিত এলাকায় ৫০ টন পশুখাদ্য বিতরণ করা হচ্ছে।
ভোরের আকাশ/এনএ