ডব্লিউটিওর সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ক্যামেরুনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী ২৬ থেকে ২৯ মার্চ দেশটির রাজধানী ইয়াউন্দেতে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করা এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রী একটি ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এ দলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা থেকে ক্যামেরুনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সম্মেলন শেষে আগামী ১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ডব্লিউটিও-এর মিনিস্ট্রিয়াল কনফারেন্স হলো সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
এবারের সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বিদ্যমান বাণিজ্য সুবিধাগুলো বজায় রাখার ওপর জোর দেবে। বিশেষ করে উন্নত দেশগুলোর বাজারে ডিউটি-ফ্রি (শুল্কমুক্ত) ও কোটা-ফ্রি প্রবেশাধিকার নিশ্চিত করা, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে। এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের জন্য এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে আয়োজিত এই সম্মেলনে ডব্লিউটিও-এর ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের কনফারেন্সে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা।
ভোরের আকাশ/এনএস