জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জুলাই সনদের খসড়া আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এই কথা জানান।
আলী রীয়াজ বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।
তিনি বলেন, ২০টি বিষয়ের মধ্যে এরইমধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐক্যমত হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনা প্রস্তাব দেয়া হবে।
নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে।
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সংলাপ শেষ করার বিষয়ে আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যেই মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পন্ন করতে চায় কমিশন। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও তিনি উল্লেখ করেন।
ভোরের আকাশ/এসএইচ