‘১৫ মার্চের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে হবে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসানের সই করা এ–সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম–ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে আগামী ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।
এছাড়া পরিপত্র–১৮ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাখিল করা ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।
ভোরের আকাশ/এনএস