শ্রম আদালতের মামলা ডিজিটালাইজেশনের উদ্যোগ

শ্রম আদালতের মামলাগুলো অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, এ লক্ষ্যে একটি ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যা মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
গতকাল বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শ্রম আদালতের ডিজিটালাইজেশন, শিশুশ্রম প্রতিরোধ এবং শ্রমবিরোধ দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
শ্রম সচিব বলেন, আইএলও’র ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের সমন্বয়ে মামলার ডিজিটাল প্রক্রিয়াকরণ শুরু হবে।
তিনি বলেন, আদালতের কর্মকর্তা, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম আইনজীবী সমিতি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে আইএলও সহযোগিতা করবে। শ্রম মামলার ডিজিটাল রূপান্তরে সব অংশীজনকে সম্পৃক্ত করা হবে।
সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/হ.র