শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

মূল বেতনের ২৭ গুণ পর্যন্ত ঝুঁকিভাতা দিচ্ছে বিএসটিআই: দুদক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ২৫ থেকে ২৭ গুণ পর্যন্ত অর্থ ঝুঁকিভাতা হিসেবে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি নিজস্ব আয়ের পুরো অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ঝুঁকিভাতার নামে ব্যয় করছে। সরকারি কোনো মন্ত্রণালয়, দপ্তর বা অধিদপ্তরে এ ধরনের নজির নেই বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএসটিআইয়ের কার্যক্রম নিয়ে দুদকের প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতা, কার্যক্রম পরিচালনায় অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিভাতার নামে অর্থের অপচয় বন্ধসহ ২৬টি সুপারিশ করেছে দুদক। এসব সুপারিশসংবলিত প্রতিবেদন গত ১৯ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান স্বাক্ষরিত ওই প্রতিবেদনের অনুলিপি শিল্প মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। বিএসটিআই এ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক দুর্বলতা
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, বিএসটিআইয়ে জনবলের সংকট রয়েছে। গুরুত্বপূর্ণ জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলেও এর কার্যক্রম দেশের প্রতিটি জেলায় বিস্তৃত নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিক সুবিধার অভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে গোপন নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পর্যালোচনার জন্য পৃথক ইউনিট ও প্রয়োজনীয় জনবল নেই। কাউন্টার ইন্টেলিজেন্স ও জবাবদিহির ঘাটতিও রয়েছে। আমদানি করা পণ্যের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনা চালু করা যায়নি।

এ ছাড়া অটোমোবাইল ও মেডিকেল ডিভাইসের মতো নতুন শিল্প খাতের জন্য প্রয়োজনীয় মান প্রণয়ন এবং পরীক্ষাগার স্থাপনে ঘাটতি রয়েছে। বিএসটিআইয়ের নিজস্ব গবেষণা ইউনিটও নেই।

কার্যক্রমে অনিয়ম ও ত্রুটি
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য উৎপাদন ও বিপণনে প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে চলছে কিনা, তা তদারকিতে ঘাটতি রয়েছে। বিপুলসংখ্যক পণ্য বাধ্যতামূলক লাইসেন্সের আওতার বাইরে থাকায় নকল, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতের সুযোগ তৈরি হচ্ছে। এতে জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে।

নির্দেশনা অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা, উৎপাদন পর্যায়ে তা পর্যবেক্ষণের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। প্রায়ই একই ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। একই কর্মকর্তার বারবার অভিযানে যাওয়ার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সখ্য তৈরি এবং অনিয়মের সুযোগ সৃষ্টি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএসটিআইয়ে গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষিত দক্ষ কর্মকর্তার ঘাটতি রয়েছে। সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স দেওয়ার পর নিয়মিত তদারকি করা হয় না। পণ্য উৎপাদন ও বাজারজাতের অনুমতি দেওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর সেগুলো পর্যবেক্ষণের ব্যবস্থাও যথাযথ নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে। তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাযথ সমন্বয়ের ঘাটতি রয়েছে। একই ধরনের নজরদারির দায়িত্ব একাধিক প্রতিষ্ঠানের হাতে থাকায় কাজের পুনরাবৃত্তি হচ্ছে এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।

বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ইচ্ছামতো ব্যয় করার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং আইনের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করেছে দুদক।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের জাল বা ভুয়া সিল লাগিয়ে নিম্নমানের পণ্য বাজারজাত করা হচ্ছে। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের নীরবতা এবং পর্যাপ্ত জনবল ও নজরদারির অভাবের বিষয়টি উঠে এসেছে।

এ ছাড়া বিভিন্ন সময় কোনো কোনো পণ্য নিম্নমানের বা ভেজাল বলে নিষিদ্ধ করা হলেও পরে অসাধু ব্যবসায়ীদের প্রভাবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে মানহীন পণ্য বাজারজাতের সুযোগ তৈরি হচ্ছে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, পণ্যের মান নির্ধারণ এবং ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটি তার মূল লক্ষ্য অর্জনে বাধার মুখে পড়ছে বলে মনে করে দুদক।

দুদকের পর্যবেক্ষণ ও সুপারিশ
বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের জাল বা ভুয়া সিল লাগিয়ে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত বন্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর যাচাইয়ের সুপারিশ করেছে দুদক। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।

বাধ্যতামূলক লাইসেন্সের আওতা বাড়ানো, তদারকি জোরদার এবং কারখানা পরিদর্শন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংস্থাটি। পণ্যের নমুনা পরীক্ষার ফলাফল জনসমক্ষে প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিএসটিআইয়ের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় পত্রিকায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে ভেজাল ও নিম্নমানের পণ্য সম্পর্কে জনসচেতনতা বাড়বে বলে মনে করছে দুদক।

প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন ও বাজার তদারকির জন্য একাধিক প্রতিষ্ঠান আলাদাভাবে যন্ত্রপাতি কিনছে ও আমদানি করছে। এতে সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। পৃথক পরীক্ষাগার স্থাপনের পরিবর্তে সব প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী একটি আধুনিক পরীক্ষাগার স্থাপন করলে সরকারি অর্থ সাশ্রয় হবে।

ঝুঁকিভাতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মূল বেতনের ২৫ থেকে ২৭ গুণ পর্যন্ত অর্থ ঝুঁকিভাতা হিসেবে দেওয়ার বিষয়টি বন্ধে অর্থ বিভাগ নির্দেশনা দিয়েছিল। তবে বিএসটিআইয়ের একজন কর্মকর্তা হাইকোর্ট বিভাগে রিট করে ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত করিয়েছেন। সেই সুযোগে কর্মকর্তা-কর্মচারীরা ভাতা পাচ্ছেন। মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া দেওয়া এই ভাতার বিষয়টি আইন ও বিধি অনুযায়ী দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে দুদক। পাশাপাশি অন্যান্য দপ্তরের সমপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএসটিআইয়ের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার সামঞ্জস্য রাখার কথা বলা হয়েছে। অন্যথায় অন্যান্য প্রতিষ্ঠানও এ ব্যবস্থাকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন দেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থার সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুপারিশও করা হয়েছে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও আন্তর্জাতিক মানের কার্যপদ্ধতি গ্রহণ করে দেশের মান নিয়ন্ত্রণব্যবস্থা যুগোপযোগী করা সম্ভব বলে মনে করছে দুদক।

বিএসটিআইয়ের অনুমোদিত ৮৪২টি পদের মধ্যে নবম গ্রেড ও তদূর্ধ্ব পদের সংখ্যা ৪৭৬টি। বিপরীতে দ্বিতীয় শ্রেণির পদ রয়েছে মাত্র ১০টি। এ ধরনের পদকাঠামোতে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পদকাঠামো পিরামিড আকৃতির করার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো, মাঠপর্যায়ে তদারকির জন্য পদ সৃষ্টি এবং বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করে অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে দুদক।

নিম্নমানের বা ভেজাল পণ্য বাজারজাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অসাধু ব্যবসায়ীদের প্রভাবে প্রত্যাহার করা হয় বলে যে অভিযোগ রয়েছে, তা পর্যালোচনার জন্য প্রতিটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের যৌক্তিকতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া নমুনা অনুমোদন ও লাইসেন্স প্রদানসহ বিএসটিআইয়ের বিভিন্ন সেবা নিতে গিয়ে শিল্পোদ্যোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে সেবা কার্যক্রমে নিয়মিত ও কার্যকর তদারকি চালুর সুপারিশ করেছে দুদক। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধে মনিটরিং, জবাবদিহি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

এভাবে মোট ২৬টি সুপারিশ করেছে দুদক। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সুপারিশগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দুদকের প্রাতিষ্ঠানিক অনুসন্ধান টিমের নেতৃত্বে ছিলেন কমিশনের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক মো. মশিউর রহমান ও সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: