শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত বেগম জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে।
জানাজা শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে। সেখানে জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টা ৪ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীসহ সারা দেশ থেকে জানাজায় লাখো মানুষ অংশ নেন।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে আপামর জনগণ। এছাড়া পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক। জানাজা উপলক্ষে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা।
জানাজায় অংশ নেওয়া আরও কূটনীতিকদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলিসহ ৩২ দেশের কূটনীতিক।
লাশ দাফনের গাড়িবহরে লাল-সবুজ রঙের একটি বাসও রয়েছে। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনরাও এই গাড়িবহরে রয়েছেন।
এরও আগে, পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠজনরা গুলশানে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
ভোরের আকাশ/মো.আ.