জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি প্রেস সচিব জানান, আজ সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দিনের শুরুতেই বেশকিছু জরুরি দাপ্তরিক ফাইল সই করেন ও প্রশাসনিক কাজ সারেন।
আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী আজ সকালে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। ডাকটিকিট উন্মোচন শেষে তিনি পূর্বনির্ধারিত জ্বালানিবিষয়ক সভায় যোগ দেন।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং আসন্ন দিনগুলোতে সরবরাহ স্বাভাবিক রাখতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র