সচিবালয়ে নতুন মন্ত্রীদের নামফলক

সচিবালয়ে উপদেষ্টাদের নামফলক পরিবর্তন করে নতুন মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। একইসঙ্গে মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষের ভেতরের পরিবেশ যেমন– রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সচিবালয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে বরণ করে নিতে কর্মব্যস্ত। মন্ত্রীর দপ্তরগুলো ও বারান্দায় চলছে সাজসজ্জার কাজ।
নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতিও চোখে পড়ার মতো। এছাড়া নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে গার্ড অব অনারের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।
সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, সচিবালয়ে আসবেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রবেশে কার্ড ও নামের তালিকা চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দায়িত্ব নিতে আসছে। তাই দপ্তরগুলোকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত সবাই। নামফলক থেকে শুরু করে কক্ষের ভেতরের পরিবেশ যেমন– রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। তবে যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসছেন, সেখানে প্রস্তুতি একটু বেশি। আজ দুপুর ১২টার পর থেকেই নতুন মন্ত্রীরা সচিবালয়ে আসতে শুরু করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসবেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন। এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। এর পরপরই হয়ত মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আবার কেউ কেউ কর্মপরিকল্পনাও জানাবেন বলে জানা গেছে।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, সবসময়ই পুরো সচিবালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। আজও তাই হবে। প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। আজ সচিবালয়ের ভেতরে ও বাইরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।