আজ থেকে কার্যকর ঢাকার গণপরিবহনে বর্ধিত ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া সমন্বয়ে শ্রেণিভেদে বর্ধিত ভাড়া ঘোষণার তিন দিন চললেও রাজধানী ঢাকায় এখনো পুরোনো ভাড়াই আদায় হচ্ছে। কারণ নতুন চার্ট না পাওয়ায় বাড়তি ভাড়া আদায় সম্ভব হচ্ছিল না। তবে গণপরিবহনগুলোতে বর্ধিত ভাড়ার নতুন চার্ট পৌঁছে গেছে। ফলে আজ (২৬ এপ্রিল) থেকেই নতুন চার্টে ভাড়া আদায় শুরু হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সূত্র জানায়, আগেরদিন ঘোষণার পর শুক্রবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে বর্ধিত ভাড়ার নতুন চার্ট সরবরাহ হয়।
মালিক সমিতি শনিবার (২৫ এপ্রিল) ঢাকার গণপরিবহনগুলোকে নতুন চার্ট বিতরণ করে এবং রোববার (২৬ এপ্রিল) থেকেই এটি কার্যকরের নির্দেশনা দেয়।
ঘোষণা অনুযাযী, নতুন ভাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়। আর আন্তঃজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
এছাড়া ঢাকার আশপাশ এলাকা তথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ১১ পয়সা বাড়িয়ে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৩ পয়সা করা হয়।
নতুন পরিবহন ভাড়ার ঘোষণা দিয়ে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, নতুন এই ভাড়া ওই দিন থেকেই কার্যকর।
যদিও বাড়তি ভাড়া আদায় ও চেষ্টার কিছু ব্যতিক্রম ছাড়া সামগ্রিকভাবে ঢাকায় গণপরিবহনে আগের ভাড়াই আদায় হচ্ছে।
তবে শনিবার সন্ধ্যায় মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, গণপরিবহনগুলোকে নতুন চার্ট দেওয়া হয়েছে। রোববার থেকে সে অনুযায়ী ভাড়া নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা সরকারের নির্ধারিত ভাড়াই নেব। আমরা চাই আমাদের শ্রমিকরা যেন সাধারণ মানুষের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার বাইরে একটি টাকাও বেশি না নেন।
ভোরের আকাশ/আ.র