যুক্তরাজ্য থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশের কোনো দূতকে প্রত্যাহার করা হলো।
শনিবার (৭ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে হুমায়ুন কবীর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এদিন লন্ডনে পৌঁছান।
তার বিষয়ে অভিযোগ করে হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, আবিদা ইসলাম লন্ডনের হাইকমিশনকে আওয়ামীকরণ করে রেখেছেন। বাংলাদেশের স্বার্থ না দেখার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। ১৫ ব্যাচের ওই কূটনৈতিক যুক্তরাজ্যে বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। শুরু থেকেই আবিদা ইসলামের নিয়োগ নিয়ে আপত্তি ছিল বিএনপি-জামায়াতের।
জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম যুক্তরাজ্যের আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।
ভোরের আকাশ/আ.র