কর্ণফুলী টানেলে ২৫-৩০ জুন রাতে যান চলাচলে নিয়ন্ত্রিত থাকবে

কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতের বেলায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময়ে টানেলের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার কর্তৃক সোমবার (২২ জুন) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা-আনোয়ারা অথবা আনোয়ারা-পতেঙ্গা অভিমুখী যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে অব্যাহত রাখা হবে।
রক্ষণাবেক্ষণকাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়েছে।
নিরাপদ ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা