“জুলাইয়ে শহীদ হতে না পারা আফসোস”—স্ট্যাটাসে আসিফ মাহমুদ

যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই মাসে শহীদ হতে না পারা তাঁর জন্য এক ধরনের আফসোসের বিষয়। শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এ দেশের জনগণ তার পরিণতি কী করেছে, তা সবারই জানা।”
তিনি স্মরণ করেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।”
জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের প্রতীক হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও লেখেন, “জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।”
তিনি বলেন, “আমি বা আমরা না থাকলেও কোনো সমস্যা নেই। কারণ, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জন্য যেসব বিপ্লবী প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে—যতদিন না দেশ একটি স্বাধীন, সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।”
স্ট্যাটাসের শেষদিকে অতীতের হামলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, “একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”
তাঁর এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভোরের আকাশ//হ.র