সকালে দেশে ফিরছেন লিবিয়া থেকে ১২৩ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে বিপদগ্রস্ত অবস্থায় থাকা ১২৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
বিশেষ এই ফ্লাইটটি বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, তাদের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় অভিবাসনপ্রত্যাশীদের এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। বিশেষ ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার।
প্রত্যাবাসিত এসব বাংলাদেশি ত্রিপলী ও আশপাশের শহরগুলোতে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন।
দূতাবাস সূত্র জানায়, অধিকাংশ অভিবাসীর পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল বা বৈধ কাগজপত্র ছিল না। এ কারণে তাদের দেশে ফেরাতে নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু এবং বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ দূতাবাস এবং আইওএম যৌথভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করেছে বলে জানানো হয় বিবৃতিতে।
ভোরের আকাশ//হ.র