বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে: অবদুস সালাম

বিএনপির আন্দোলন শুধু দলটির জন্য নয়, দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতেই তাঁদের আন্দোলন।
শনিবার (৮ আগষ্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগ ৫১ তম পুনর্গঠন দিবস উপলক্ষে "জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, আবার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর এখন গণতান্ত্রিক পথে চলার একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ ধরে রাখতে হবে।
তিনি বলেন, দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবারও সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, তরুণ, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। কোনো একক দল বা ব্যক্তির কারণে এই পরিবর্তন আসেনি; বরং সবার অংশগ্রহণেই তা সম্ভব হয়েছে।
সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংস্কারের প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। ওই নির্বাচনে জনগণ সরকারের কাজের মূল্যায়ন করবে। সরকার ভালো কাজ করতে না পারলে জনগণ বিএনপির বিরুদ্ধেও রায় দিতে পারে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকারে যাওয়ার এবং সরকার থেকে বের হওয়ার পথ খোলা রাখতে হবে। বিরোধিতা করুন, আন্দোলন করুন—কিন্তু গণতান্ত্রিক পন্থায় যেন সরকার পরিবর্তনের পথ বাধাগ্রস্ত না হয়।
রাজনীতিতে আবার বিভক্তি তৈরি হলে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন আবদুস সালাম। তিনি বলেন, নিজেদের দুর্বলতার কারণে যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিএনপি আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আধিপত্যবাদী শক্তির সঙ্গে আপস করে বিএনপি চলবে—এটা কেউ মনে করলে সেটা ভুল।
বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অতীতে একসঙ্গে আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একে অপরের সঙ্গে আলোচনা বন্ধ করা উচিত নয়।
আবদুস সালাম বলেন, আমরা ফেরেশতা নই। ভুল-ত্রুটি হতেই পারে। সরকার ভুল করলে সংসদে তা তুলে ধরতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে। তবে অন্য কেউ যাতে সেই ফাঁক দিয়ে ঢুকে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ভোরের আকাশ/এনউব