আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। ক্যালেন্ডারে দিনটি হয়তো একটি তারিখ মাত্র, কিন্তু শত শত নিখোঁজ মানুষের পরিবারের কাছে এটি এক যন্ত্রণাদায়ক স্মৃতির দিন। কারও বাবা, কারও ভাই, কারও সন্তান কেউ আর ফেরেনি ঘরে। তাই প্রতি বছর ৩০ আগস্ট এলে নতুন করে নাড়া খায় অপেক্ষার প্রহর।
১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ শনিবার (৩০ আগস্ট)। ২০১০ সালের ডিসেম্বরে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে এই দিবসটি।
এই দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
আওয়ামী লীগের আমলে বিরোধী মত দমনের নামে রাজনৈতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে রোমহর্ষক নানা ঘটনা।
জুলাই গণঅভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।
১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুমে জড়িতদের বড় একটি অংশ চিহ্নিত হয়েছে। উদঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মন্তব্য করেন নূর খান লিটন।
ভোরের আকাশ/তা.কা