বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি

বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়– এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম।
তিনি বলেন, জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়। বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া– এই তিন গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল।
তিনি আরও বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।
ভোরের আকাশ/এসএইচ