অধ্যাপক যতীন সরকার আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত।
তিনি জানান, কিডনি ও বার্ধক্য জনিত নানা জটিলতায় ৮ আগস্ট থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া গ্রামে যতীন সরকারের জন্ম। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন এই শিক্ষক মননশীল সাহিত্যচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন, সাহিত্যের কাছে প্রত্যাশা এবং শিশুদের জন্য রচিত- গল্পে গল্পে ব্যাকরণ। ২০০২ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি নিজ জেলা নেত্রকোনায় ফিরে আসেন এবং সেখানেই সাহিত্যচর্চা চালিয়ে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ভোরের আকাশ/এসএইচ