তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।
সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জাতীয় সংসদের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইসি সচিব জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারা অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে আলোচনা করা বাধ্যতামূলক। সেই আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবেই প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়ক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমও স্পিকারের দপ্তরে উপস্থিত থাকবেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/জেআ