ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি তিন শতাধিক

দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই নতুন আক্রান্তের পাশাপাশি ডেঙ্গুরোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩২৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন ব্যক্তিই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স ৩৭।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।
এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
ভোরের আকাশ/এসএইচ