সংরক্ষিত নারী আসনে ঈদের আগেই তফসিল ঘোষণা: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট শিগগিরই আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর–এর আগেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবন–এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সরাসরি নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। জাতীয় সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যরাই এ সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেন।
সংরক্ষিত নারী ৫০ আসনে ভোট কবে- এমন প্রশ্নে আব্দুর রহমানেল মাছউদ বলেন, খুব বেশি সময় নেবো না। ঈদের আগেই তফসিল করে ফেলবো।
কোন দল কতটি নারী আসন পেতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, সংরক্ষিণ নারী আসন ৫০টি। ফলে একটি সংরক্ষিণ নারী আসন পেতে সংসদে কমপক্ষে ছয়টি আসন পেতে হবে। আবার দলগুলো জোটবদ্ধ হয়েও নারী আসন পেতে পারে। চাইলে স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করে সংরক্ষিত নারী আসন পেতে পারেন।
কয়েকজন প্রার্থী ভোটের ফলাফল এখনো মেনে নেননি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি মাছউদ, গেজেট হওয়ার পরে আমাদের কিছু করার থাকে না। প্রার্থী চাইলে আদালতে যেতে পারেন।
ভোরের আকাশ/এনএস