ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন নির্বাহী আদেশের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট চার দিন বন্ধ থাকবে। এই ছুটি কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ সময় সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছুটি থাকবে।
এ ছাড়া সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়। এই প্রজ্ঞাপনের ছায়ালিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হলো।
ভোরের আকাশ/এনএস