রমজান মাসে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময় তিন ঘণ্টা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয়েছে। প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ও গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
ভোরের আকাশ/এসএইচ