বুড়িগঙ্গা থেকে একদিনে নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে একদিনে চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মৃতদের মধ্যে একজন শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। এখনো তাদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে মরদেহগুলো ভেসে ওঠে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথমে দুপুরে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে ভাসমান অবস্থায় প্রায় ৩০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল এবং পরনে গোলাপি সালোয়ার-কামিজ। কিছুক্ষণ পর একই স্থান থেকে ওড়না দিয়ে বাঁধা অবস্থায় প্রায় তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এরপর সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার করা হয়। এদের একজনের বয়স আনুমানিক ৪০ বছর, পরনে কালো প্যান্ট ও চেক শার্ট। অপরজন প্রায় ৩০ বছরের এক নারী, যার পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সালোয়ার। তাদের শরীরে হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “একই দিনে বুড়িগঙ্গার দুটি আলাদা স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”
ভোরের আকাশ/হ.র