৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৬৯০ জন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদ ছিল। এর মধ্যে ১ হাজার ৬৯০টি পদে যোগ্য প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২০টি পদ খালি থেকে গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা ক্যাডার পদে মনোনয়ন পাননি, তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধি অনুযায়ী পর্যায়ক্রমে শূন্যপদের বিপরীতে মেধাক্রম অনুসারে নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)।
ভোরের আকাশ//হ.র