মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু, যেভাবে করবেন
রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল ভ্রমণের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ ব্যবস্থা চালু হয়েছে। ফলে কার্ডধারীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে এই দুটি পাসে টাকা রিচার্জ করতে পারবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক হলেন সাইফুল ইসলাম প্রমুখ।
এখন থেকে ঘরে বসেই কার্ড রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই কার্ড রিচার্জ করা যাবে।
অনলাইনে র্যাপিড বা এমআরটি কার্ড রিচার্জ করার বিভিন্ন ধাপ
ওয়েবসাইট/মোবাইল অ্যাপে লগইন করুন।
রিচার্জ অপশনটি ক্লিক করুন।
যে কার্ডটি রিচার্জ করতে চান সেটি নির্বাচন করুন।
পছন্দ অনুযায়ী ব্যাংক, ব্যাংকিং অ্যাপ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
রিচার্জ সম্পন্ন হওয়ার পর স্টেশন প্রবেশদ্বারে এভিএমে ট্যাপ করে কার্ডের রিচার্জ অ্যাকটিভ করুন।
অনলাইন রিচার্জ নির্দেশিকা
প্রথমবার অনলাইনে রিচার্জ করার জন্য www.rapidpass.com.bd ওয়েবসাইট/অ্যাপে নিবন্ধন করতে হবে।
অনলাইনে রিচার্জ করলে আপনার কার্ড ব্যালেন্স ইন্টারনেট সার্ভারে জমা হবে। স্টেশনে প্রবেশ করার আগে যেকোনো স্টেশনের প্রবেশদ্বারে থাকা এভিএমে ট্যাপ করে রিচার্জ অ্যাকটিভ করতে হবে।
অনলাইনে রিচার্জ করার পর এভিএমে ট্যাপ না করলে রিচার্জ পেন্ডিং (Pending) অবস্থায় থাকবে।
অনলাইন রিচার্জ করার পর অবশ্যই এভিএমে ট্যাপ করে রিচার্জ অ্যাকটিভ করতে হবে। অন্যথায় কার্ডে রিচার্জ যুক্ত হবে না।
রিচার্জ করতে হলে ন্যূনতম ১০০ টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
ব্যবহারকারী চাইলে একাধিক কার্ড নিজের অ্যাকাউন্টে যুক্ত করতে পারবে এবং যেকোনো কার্ডে রিচার্জ করতে পারবে।
ব্যবহারকারী নিজের রিচার্জ হিস্ট্রি দেখতে ও ট্র্যাক করতে পারবে।
রিচার্জ বাতিল নির্দেশিকা
ব্যবহারকারী এভিএমে ট্যাপ করার আগে যেকোনো সময় রিচার্জ বাতিলের আবেদন করতে পারবে।
রিচার্জ বাতিল হলে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।
রিচার্জ ডিপোজিট অফিস সময়ের মধ্যে বাতিল করতে হবে।
রিচার্জ বাতিল করতে হলে অ্যাকাউন্টে ওয়ালেট থেকে বাতিলের আবেদন এবং এভিএমে ট্যাপ না করা শর্ত পূরণ করতে হবে।
অফলাইন এভিএমে ট্যাপ করলে কোনো অবস্থাতেই রিচার্জ বাতিল করা যাবে না (ট্যাপ করলে রিচার্জ যুক্ত হয়ে যাবে)।
অনলাইন রিচার্জ সম্পর্কে তথ্য জানতে ০৯৬৪৪০০০১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।
ভোরের আকাশ/এসএইচ