অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু

শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ থেকে মন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়েছে। এর আগে তিনি হাসপাতালে আসেন। তবে কী শারীরিক সমস্যা নিয়ে মন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে কি না বা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন কি না, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জনসংযোগ বিভাগ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ।
হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য চিকিৎসকরাই দিতে পারবেন।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।
ভোরের আকাশ/এম