শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার পর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে কমিশনার এ দুঃখ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আমার কাছে সন্তানস্বরূপ। আমার নিজের ছেলের বয়সও তোমাদের চেয়ে বেশি। তোমাদের কষ্ট আমাকে ব্যথিত করে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। বৃহস্পতিবারই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
রংপুরে এক প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি আরও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে দায়ের হওয়া মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির খান জানান, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, এজন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হবে।
তিনি আরও বলেন, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবিগুলো যাচাই এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত সরকারি কমিটির বাকি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার আবারও বৈঠক হবে।
ভোরের আকাশ//হ.র