এনবিআরের আরও চার কর্মকর্তা বরখাস্ত

আন্দোলনের জেরে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু; খুলনার মোংলার কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান; চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির ও খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম।
আদেশে বলা হয়, গত ১২ মে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির পর এর বিরুদ্ধে এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে জড়িত হন।
আন্দোলনের অংশ হিসেবে অফিসের কাজে বাধা দেওয়া এবং অন্যদের কাজ বন্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পরে আন্দোলনে নেমেছিলেন এনবিআর কর্মকর্তারা।
আন্দোলনের পর ধাপে ধাপে এনবিআরের বেশ কিছু কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভোরের আকাশ/এসএইচ