নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ বাস্তবায়ন হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশে ৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছিল, শেখ হাসিনা তা ভূলুণ্ঠিত করেছিলেন। কিন্তু এখন আবার তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, কোনো কোনো মহল মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করার চেষ্টা করছে। এমন পরিস্থিতি তৈরি হলে জাতি স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে ওঠে- আবারও কোনো ভিন্ন মনোজগতের প্রক্রিয়া ফিরে আসছে কি না, সে প্রশ্নও সামনে আসে। এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয় আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি দেখি না।
বিশিষ্ট ছড়াকার আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ দিদার বকত ও রিটা রহমান প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ