পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
কারা মহাপরিদর্শক বলেন, কারাগারকেন্দ্রিক সংশোধনের গুরুত্ব বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কারা বিভাগ সংশ্লিষ্ট আইন ও বিধি-নিষেধকে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।
তিনি আরও বলেন, কারাগার ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তীব্র জনবল সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। এ ছাড়া আরো দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে। এ ছাড়া বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ