অপরাধ দমনে সাঁড়াশি অভিযান জোরদার: ডিএমপি

মহানগরীতে চাঁদাবাজ, মাদককারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ বেড়েছে। এসব দমনে সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করে অভিযান চালানো হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৮ জন তালিকাভুক্ত ও ৯৪ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজকে আটক করা হয়েছে। এ সময় চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য ও ভিডিওসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পাশাপাশি মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সাইবার মনিটরিং টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকা, বসিলা ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাজার ও জনবহুল এলাকায় টহল বৃদ্ধি এবং বিশেষ মনিটরিং সেল কাজ করছে।
ডিএমপি জানায়, ভবিষ্যতে অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র