ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

ভূমিকম্পে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। সেক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেয়া হবে। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন তাদের জন্য ক্ষেত্রে এ সহায়তার সুযোগ থাকছে। ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আহত ব্যক্তির ক্ষেত্রে, চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮। গতকাল সকাল পৌনে ১১টার কিছু আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তীব্রতা ৫ দশমিক ৫ উল্লেখ করেছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন চারজন। এছাড়া নরসিংদীতে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ পাঁচজন। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। তারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ