ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

প্রায় দেড় দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমানের যাত্রীবাহী উড়োজাহাজ। ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের আকাশপথ যোগাযোগ পুনরায় চালু হচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করবে। শুরুতে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার, এই রুটে ফ্লাইট চলবে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট করতে হবে না।
এতে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাউন্ড ট্রিপে প্রায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। এখন সর্বনিম্ন ৫১ হাজার টাকায় ঢাকা-করাচি যাতায়াত সম্ভব হবে। বিমান বাংলাদেশ ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে ১৪৭১ মাইল দীর্ঘ এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের সিটের ৮০ শতাংশের বেশি বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
যাত্রাপথে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। দীর্ঘদিন পর সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই পাকিস্তান ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন এবং মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।
ভোরের আকাশ/এসএইট