জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী পদক লাভ করেন। পরিবেশ শিক্ষা ও প্রচারে অবদানের জন্য সম্মাননা পান মো. মনির হোসেন। আর পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য পদক পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম।
প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ শিক্ষা ও প্রচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জাতীয় পরিবেশ পদক লাভ করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। পরিবেশ দূষণ রোধে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/এনএ