রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐক্যমত কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আজ আবারও বসেছে রাজনৈতিক দলগুলো। বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। সোমবার (২ জুন) দ্বিতীয় দফা বৈঠকের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যন মোহাম্মদ ইউনূস। সংস্কারে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব আছে তা দূর করতেই দ্বিতীয় দফায় আয়োজন করা হয়েছে এই আলোচনার।
পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। তবে নির্বাচনের সময় নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। এই আলোচনার উপর ভিত্তি করে তৈরী করা হবে জুলাই সনদ।
এর আগে, প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন।
ভোরের আকাশ/এসএইচ