সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে ডিএমপির আহ্বান

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে যত্রতত্রভাবে নির্মাণসামগ্রী রাখার কারণে যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই মহানগরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সোমবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী সড়ক ও ফুটপাতে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির ট্রাফিক বিভাগ সমন্বয়ে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রীসহ অন্য মালামাল দ্রুত অপসারণ করতে হবে এবং আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
ডিএমপি আরও জানায়, একটি সুশৃঙ্খল ও যানজটমুক্ত মহানগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ভোরের আকাশ/নি