সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে মতামত দিতে পারবেন সাধারণ নাগরিকরা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা নির্ধারণে এবার সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে। জাতীয় বেতন কমিশন–২০২৫ এর ওয়েবসাইটে গিয়ে নাগরিকেরা সরাসরি মতামত দিতে পারবেন।
ওয়েবসাইটে প্রবেশ করলে ‘জাতীয় বেতন স্কেল ২০২৫ প্রশ্নমালা’ নামে একটি বিভাগ পাওয়া যাবে। সেখান থেকে ‘সাধারণ নাগরিক’ অপশন বেছে নিয়ে নাম, পেশা ও মোবাইল নম্বর দেওয়ার পর মূল জরিপ অংশে প্রবেশ করা যাবে।
জরিপে অংশ নিয়ে নাগরিকেরা জানাতে পারবেন—একজন সরকারি চাকরিজীবীর বাড়িভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা ভাতা বাড়ানো উচিত কি না, চিকিৎসাভাতা কত হওয়া উচিত, কিংবা অবসরপ্রাপ্তদের জন্য পেনশন–সুবিধা কীভাবে বাড়ানো যায়। এছাড়া বেতন বাড়ালে দুর্নীতি প্রবণতা কমবে কি না, পদোন্নতির ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত—এসব নিয়েও মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
তবে একটি সীমাবদ্ধতা রয়েছে—প্রশ্নগুলো বাংলায় হলেও মতামত লিখতে হবে ইংরেজিতে। বাংলা ভাষায় লেখার চেষ্টা করলে ‘অনুগ্রহ করে ইংরেজি কীবোর্ড ব্যবহার করুন। বাংলা অক্ষর গ্রহণযোগ্য নয়’—এই বার্তা দেখাবে।
ভোরের আকাশ// হ.র