রাড্ডা ক্লিনিক ভাঙচুরের মামলায় ‘শুটার লেলিন’ দুই দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের মামলায় সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির বহিষ্কৃত নেতা আবুল কালাম আজাদ ওরফে ‘শুটার লেলিন’ (৪৬)-এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এই দুই দিনের রিমান্ডের আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক লুৎফর রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লেলিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়। তারা প্রাচীর টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে।
এরপর হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে ঢোকে। একপর্যায়ে প্রতিষ্ঠানের পূর্বপাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরিবার-পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের একটি ঘর, আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। সব মিলিয়ে পাঁচটি ঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মালামাল লুটে প্রায় এক কোটি নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চলে যাওয়ার সময় হামলাকারীরা নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেয়। এ ছাড়া প্রতিষ্ঠানের জায়গায় একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায় তারা।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
সোমবার ভোরে চট্টগ্রামের মিরসরাই থেকে লেলিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। পুলিশের তালিকায় তিনি ‘শুটার লেলিন’ নামে পরিচিত।
ভোরের আকাশ/আ.র