কথিত সমকামী বিবাহের আয়োজন: সরকারের পদক্ষেপ চাইল কওমি পরিষদ
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কথিত সমকামী বিবাহের আয়োজনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমি পরিষদ বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় ঐতিহ্যে পরিবারব্যবস্থা এবং নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, দেশের প্রচলিত আইন অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় প্রকাশ্যে সমকামী বিবাহের নামে কোনো আয়োজন আইন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং সমাজে নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, ইসলামসহ দেশের প্রধান ধর্মগুলো সমকামিতাকে বৈধতা দেয় না। তাই কোনো ধর্মীয় উপাসনালয় বা পবিত্র স্থানকে কেন্দ্র করে এ ধরনের বিতর্কিত কর্মসূচি আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সামাজিক সম্প্রীতির জন্যও ক্ষতিকর হতে পারে।
কওমি পরিষদের সভাপতি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত ছিল এবং দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হয়েছে কি না—এসব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি আইন অমান্য করে সমাজে অনৈতিকতা ও বিকৃত সংস্কৃতি বিস্তারের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত আয়োজন যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিবৃতির শেষে দেশবাসীর প্রতি শান্তি, শৃঙ্খলা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় নৈতিকতা রক্ষায় সচেতন থাকার পাশাপাশি আইন ও সামাজিক দায়িত্বশীলতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান মুফতি ইমরানুল বারী সিরাজী।
ভোরের আকাশ/এনএ