হালাল শিল্প বৈশ্বিক অর্থনীতির শক্তিতে পরিণত হতে পারে: তথ্যমন্ত্রী

হালাল খাবার বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানবসভ্যতার জন্যও সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
বুধবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত ‘Think Halal, Grow Global’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, হালাল খাদ্য, সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মানবসভ্যতার জন্যও শক্তির উৎস হতে পারে। হালাল পণ্যের বড় বৈশ্বিক বাজার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পের বিকাশ শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়, এর সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও মানবকল্যাণও জড়িত।
বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধ ও সংস্কৃতির কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, দুই দেশ নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বিশ্ববাজারে হালাল পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। মানসম্পন্ন হালাল পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহের পাশাপাশি বিনিয়োগকারীরাও এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী। এজন্য হালাল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঠিক ধারণা, তথ্য ও জ্ঞান দেওয়ার পাশাপাশি কার্যকর ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
সঠিক জ্ঞান ও পরিকল্পনার সমন্বয় ঘটাতে পারলে হালাল পণ্য বড় বৈশ্বিক বাজার তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর সফরের প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির কর্তৃপক্ষের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি এ আয়োজনকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শুধু রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের জনগণের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেও এ সম্পর্ক আরও গভীর হতে পারে। হালাল শিল্প এ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে।
সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার শাহিদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ