প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : ডিএনসিসি প্রশাসক

জনগণের জন্য কাজ করা ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেই আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, নগরীর ডেঙ্গু মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যাঁরা জনগণের পাশে থাকবেন, তাঁদেরই মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (১২ অক্টোবর) মিরপুর-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ডবিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, বিএনপি ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত এই কর্মসূচি জনগণের জন্য উপহার। তাঁর দাবি, জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার।
ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনিয়মের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, প্রকৃত যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দিতে হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো বিভেদ বা বিভক্তি সৃষ্টি করা যাবে না।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা জনগণের পাশে থেকে সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন, তাঁরাই দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। জনগণের জন্য কাজ না করলে মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না।
নগরীর সড়ক ও ফুটপাত নিয়ে প্রশাসক আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করা হবে। একই সঙ্গে নগরবাসীকে নান্দনিক ফুটপাত উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা