সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত একদল কর্মচারী বিক্ষোভ মিছিল করেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।
জানা গেছে, অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী। তাদের দাবিগুলো হলো-কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ। নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন। ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, হালাহ উদ্দিন আহমেদ, মানজার হোসেন, আব্দুল কাদের, শহীদুল ইসলাম প্রমুখ।
এর আগে, চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেছিলেন। পরে সরকার অধ্যাদেশটি সংশোধন করে।
ভোরের আকাশ/এসএইচ