মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে তিন দিনের সফরে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, পর্যটন ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান নিয়েও আলোচনা হবে।
এছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।
উল্লেখ্য, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে মালদ্বীপে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।
ভোরের আকাশ/জেআ