বিএনপিকে চীনা দূতাবাসের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড় ব্যবধানে জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানিয়ে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানানো এবং বিজয়ী দল হিসেবে বিএনপির নেতৃত্বকেও শুভেচ্ছা জানায় বেইজিং। বার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিবৃতিতে চীন উল্লেখ করে, নতুন সরকারের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য ও অবকাঠামো খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে তারা আশাবাদী। চীন-বাংলাদেশ বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়ার ইচ্ছার কথাও তুলে ধরা হয়।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরপরই এমন বার্তা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। উন্নয়ন সহযোগী হিসেবে চীন আগামীতেও অবকাঠামো, অর্থনৈতিক করিডোর ও বিনিয়োগ প্রকল্পে সক্রিয় থাকতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘ বিরতির পর বিএনপি আবারও আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছে। ভোটগ্রহণকে ঘিরে বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। চীনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানসহ একাধিক দেশও নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ