আনসার-ভিডিপি উন্নয়ন ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে বাংলাদেশ ব্যাংকের সহায়তার আশ্বাস

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএর সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা বলছেন, ‘সঞ্জীবন প্রকল্প’ বাস্তবায়িত হলে বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের Core Banking System (CBS) সফলভাবে বাস্তবায়ন এবং ব্যাংকের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বাংলাদেশ ব্যাংকের BSC-এর মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে CBS বাস্তবায়ন এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
এ ছাড়া গ্রাহকসেবা আধুনিকায়ন এবং দ্রুত, নিরাপদ ও কার্যকর আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে BACH, NPSB, BEFTN/EFTসহ বিভিন্ন জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
এসব ব্যবস্থা চালু হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভবিষ্যতে বেতন-ভাতা গ্রহণ, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারসহ আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদে গ্রহণ করতে পারবেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইতিবাচক দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাসকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন এবং বাহিনীর সদস্যদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সভায় আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর সদস্যদের দোরগোড়ায় নিরাপদ ও ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/সু.পা