পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের মূলহোতা মতিউর গ্রেফতার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। চক্রে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, সিআইডি তাদের নাম প্রকাশ করেনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।
সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তরা প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। এর সকল স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। এর মাধ্যমে পিএসসির মত স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, টাকা প্রদান করা ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের এডমিনকে ধরে তার নাম্বার তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সকল তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সুনিশ্চিত হয়েছি যে এই আসামিই জড়িত। তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, চক্রের সাথে জড়িত আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদেরও গ্রেফতার করা হবে।
ভোরের আকাশ/এসএইচ