৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, আমাকে কোট করে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এই কথা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি। আমাকে মিসকোট করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা অর্থ ইন্টারসেপ্ট (আটক) করেছেন, তারা এর উৎস, পরিমাণ এবং উদ্দেশ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এখানে আইনের ব্যাখ্যা তারাই দেবেন। আমি কোন অধিকারে টাকার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেব? দয়া করে এই অপতথ্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।
এর আগে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই। টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।
ভোরের আকাশ/এসএইচ